রাজনীতির এক বর্ণময় অধ্যায়ের অবসান! ‘চাণক্য’ মুকুলের প্রয়াণে আবেগঘন দিলীপ, অভিষেক ও মমতা

বঙ্গ রাজনীতির এক যুগের অবসান। ৭২ বছর বয়সে চিরবিদায় নিলেন অভিজ্ঞ রাজনীতিবিদ মুকুল রায়। সোমবার সকালে তাঁর প্রয়াণের খবর আসতেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক সফর এবং বিজেপিতে তাঁর ভূমিকার কথা স্মরণ করেছেন তিনি।
দিলীপ ঘোষ এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “মুকুল রায় একজন অত্যন্ত প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন, তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছিল। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গেই সক্রিয়ভাবে ছিলেন।” দিলীপ আরও যোগ করেন যে, গত ২-৩ বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মুকুল রায় সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন প্রাক্তন বিজেপি সাংসদ।
অন্যদিকে, মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা লিখেছেন, “তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও বহু সংগ্রামের সহযোদ্ধা ছিলেন।” অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূলের অন্যতম ‘প্রতিষ্ঠাতা’ হিসেবে অভিহিত করে সংগঠনের বিস্তারে তাঁর অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন। বঙ্গ রাজনীতির অঘোষিত ‘চাণক্য’ হিসেবে পরিচিত মুকুল রায়ের এই প্রস্থান বাংলার রাজনৈতিক ইতিহাসে এক বিশাল শূন্যতা তৈরি করল।