লুধিয়ানার অন্ধকার রাস্তায় রণচণ্ডী এনআরআই মহিলা! হাতে তলোয়ার নিয়ে ডাকাতদের তাড়া, দেখুন ভাইরাল ভিডিও

পঞ্জাবের লুধিয়ানার রাস্তায় যেন সিনেমার দৃশ্য! একা মহিলা চালককে পেয়ে ডাকাতির ছক কষেছিল দুই বাইকআরোহী। কিন্তু তারা হয়তো জানত না, স্টিয়ারিংয়ের ওপারে বসে আছেন এক ‘রণচণ্ডী’। অস্ট্রেলিয়া ফেরত এনআরআই হরজিন্দ কৌর তাঁর উপস্থিত বুদ্ধি ও অসীম সাহসের জোরে শুধু যে ডাকাতি রুখলেন তা-ই নয়, তলোয়ার হাতে তাড়া করে অপরাধীদের মনে ত্রাস সৃষ্টি করলেন। নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে এই সাহসিকতার ভিডিও।
ঘটনাটি ঠিক কী? শুক্রবার সন্ধ্যায় শাশুড়ি ও এক আত্মীয়কে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হরজিন্দ। হঠাৎ দেখেন, একটি বাইক তাঁদের পিছু নিয়েছে। বারবার রাস্তা ছেড়ে দেওয়া সত্ত্বেও বাইক সওয়ার দুই যুবক ক্রমাগত তাঁদের ধাওয়া করতে থাকে। পরিস্থিতি সন্দেহজনক বুঝে হরজিন্দর আত্মীয় ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। ঠিক তখনই ‘ডিম ট্রিক’ খাটায় দুষ্কৃতীরা। গাড়ির উইন্ডস্ক্রিনে ডিম ছুড়ে মারা হয় যাতে চালকের দৃশ্যমানতা নষ্ট হয় এবং গাড়ি থামাতে বাধ্য হন।
তলোয়ার হাতে পাল্টা প্রতিরোধ: অন্য কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেতেন, কিন্তু হরজিন্দ ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়েন। অন্ধকার রাস্তার তোয়াক্কা না করে গাড়ি থেকে বের করেন একটি তলোয়ার। এরপর সটান তেড়ে যান ওই দুই বাইকআরোহীর দিকে। ভিডিওতে দেখা যাচ্ছে, হরজিন্দকে তলোয়ার হাতে মারমুখী ভঙ্গিতে আসতে দেখে প্রাণভয়ে বাইক ছুটিয়ে এলাকা ছাড়ে ওই দুই দুষ্কৃতী।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরজিন্দ কৌর আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “দুষ্কৃতীরা তাদের টার্গেট হিসেবে ভুল মানুষকে বেছেছিল।” ইতিমধ্যেই ভিডিওটি লুধিয়ানা পুলিশের নজরে এসেছে এবং তৎপরতার সঙ্গে ওই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। নেটপাড়া এখন এই ‘বীরাঙ্গনা’ এনআরআই মহিলার প্রশংসায় পঞ্চমুখ।