বড় স্বস্তি হিমন্তের! সুপ্রিম কোর্টে টিকল না মামলা, আবেদনকারীদের কড়া বার্তা প্রধান বিচারপতির

দেশের শীর্ষ আদালতে বড়সড় স্বস্তি পেলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি শুনানির প্রথম দিনেই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বিশেষ বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এই মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। বরং মামলাকারীদের গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি অসম বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি এডিট করা ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। যদিও বিতর্ক দানা বাঁধতেই ভিডিওটি সরিয়ে নেয় বিজেপি, কিন্তু তার রেশ গড়ায় আদালত পর্যন্ত। অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কয়েকজন বামপন্থী নেতা ও সমাজকর্মী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “আপনারা সরাসরি সুপ্রিম কোর্টে এলেন কেন? কেন গুয়াহাটি হাইকোর্টে যাননি?” আদালত আরও পর্যবেক্ষণ করে যে, ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টকে ব্যবহার করে রাজনৈতিক লড়াই লড়ার একটি প্রবণতা তৈরি হচ্ছে, যা কাম্য নয়।

প্রধান বিচারপতির বেঞ্চ কড়া ভাষায় জানায়, সাংবিধানিক নৈতিকতা ও সংযম বজায় রাখা সকলের কর্তব্য। হাইকোর্টের ক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়। আদালত গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে, যদি মামলাকারীরা সেখানে আবেদন জানান, তবে যেন দ্রুত শুনানির ব্যবস্থা করা হয়। আপাতত সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে বড়সড় নৈতিক জয় পেলেন হিমন্ত বিশ্বশর্মা, অন্যদিকে মুখ পুড়ল মামলাকারী বাম শিবিরের।