‘আদালতকে রাজনীতির ময়দান বানাবেন না!’ হিমন্তের ভিডিও বিতর্কে মামলাকারীদের নজিরবিহীন ধমক সুপ্রিম কোর্টের

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত ভিডিও এবং ভাষণকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আবেদনকারীদের তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন এলেই আদালতকে রাজনৈতিক ময়দান হিসেবে ব্যবহার করার এক ‘উদ্বেগজনক প্রবণতা’ তৈরি হয়েছে, যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আদালত স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে, “সংবিধান নির্ধারিত প্রক্রিয়া মেনে আমাদের কাছে আসুন, আদালতের অবমাননা করবেন না।”

সিপিআই নেত্রী অ্যানি রাজা সুপ্রিম কোর্টে এই মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, গত ২৭ জানুয়ারি এক জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে অবমাননাকর ‘মিয়াঁ’ শব্দটি ব্যবহার করেছেন। তিনি হুমকি দিয়েছিলেন যে, ‘৪ থেকে ৫ লক্ষ মিয়াঁ ভোটারকে’ তালিকা থেকে বাদ দেওয়া হবে। এছাড়া একটি ভাইরাল ভিডিওতে মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ সম্প্রদায়ের দিকে রাইফেল তাক করতে দেখা গিয়েছে বলেও অভিযোগ তোলেন মামলাকারীর আইনজীবী নিজাম পাশা।

এই সব অভিযোগ শোনার পর প্রধান বিচারপতি সূর্য কান্ত উষ্মা প্রকাশ করে বলেন, “যখনই কোনো রাজ্যে নির্বাচন হয়, তখনই এই আদালতকে রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত করা হয়।” আদালত মামলাটি শুনতে অস্বীকার করে তা গুয়াহাটি হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারীরা হাইকোর্টকে এড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে এসে বিচারবিভাগীয় পদ্ধতির অবমাননা করছেন। এই রায়ের ফলে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেলেন হিমন্ত বিশ্ব শর্মা, অন্যদিকে বড় ধাক্কা খেলেন মামলাকারী বাম নেত্রীরা।