যুবসাথী প্রকল্পে আবেদনের হিড়িক! ঘরে বসেই পাবেন মাসে ১৫০০ টাকা, জানুন আবেদনের সহজ পদ্ধতি

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের নতুন তুরুপের তাস ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। প্রকল্পের আবেদন গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সাড়া মিলেছে। সরকারি সূত্র অনুযায়ী, প্রথম দিনেই অফলাইনে ৫.৫ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ভিড় সামাল দিতে তড়িঘড়ি অনলাইন পোর্টাল খুলে দিল প্রশাসন।

অনলাইনে আবেদনের পদ্ধতি: আবেদনকারীরা এখন সরাসরি https://apas.wb.gov.in পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। পোর্টালে ঢুকে ‘বাংলার যুবসাথী’ বিভাগে গিয়ে ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিলে একটি ওটিপি (OTP) আসবে। সেটি দিলেই আবেদনের পরবর্তী ধাপগুলি সম্পন্ন করা যাবে।

প্রয়োজনীয় নথিপত্র: অনলাইনে আবেদনের সময় হাতের কাছে রাখতে হবে নিচের নথিগুলি:

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট।

  • ভোটার কার্ড ও আধার কার্ড।

  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)।

  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং সাদা কাগজে স্পষ্ট সই।

যোগ্যতা ও শর্তাবলি: এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। উল্লেখ্য, যারা ইতিমধ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘যুবশ্রী’র মতো সামাজিক ভাতা পাচ্ছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে কোনো ছাত্রবৃত্তি বা স্কলারশিপ পেলে এই আবেদনে কোনো বাধা নেই। যোগ্য বেকার যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা পাবেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। পুরো প্রক্রিয়া শেষ হলে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে নিজের কাছে রাখার পরামর্শ দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ১ এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প।