ব্যাঙ্ক লকারও কি নিরাপদ নয়? ৩ কোটি টাকার গয়না চুরি করে জুয়া খেললেন খোদ ডেপুটি ম্যানেজার!

সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত গয়না ও মূল্যবান সম্পদ নিরাপদ রাখতে ভরসা করেন ব্যাঙ্কের লকারের ওপর। কিন্তু সেই লকারও কি এখন অসুরক্ষিত? বেঙ্গালুরুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারের কীর্তিতে এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। জুয়া খেলার নেশায় মত্ত হয়ে গ্রাহকদের প্রায় ৩ কেজি সোনা চুরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই পদস্থ আধিকারিককে।
ঘটনার বিবরণ: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ডেপুটি ম্যানেজার অত্যন্ত কৌশলে ব্যাঙ্কের ভল্ট থেকে ২ কেজি ৭৮০ গ্রাম গয়না হাতিয়ে নিয়েছিলেন। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘুণাক্ষরেও কিছু না জানিয়ে তিনি মাসের পর মাস ধরে এই কাজ চালিয়ে যাচ্ছিলেন। লকার থেকে সরানো সেই গয়না তিনি একটি স্বর্ণ ঋণপ্রদানকারী সংস্থায় বন্ধক রাখেন। তদন্তে উঠে এসেছে, বন্ধক রাখা সেই বিপুল টাকা তিনি আইপিএল বা অন্য কোনো অনলাইন জুয়ায় উড়িয়ে দিয়েছেন।
তদন্ত ও গ্রেফতারি: ব্যাঙ্কের প্রধান ম্যানেজার যখন নিয়মিত অডিটের সময় লকারের অসংগতি লক্ষ্য করেন, তখন বিষয়টি প্রকাশ্যে আসে। গিরিনগর থানায় অভিযোগ দায়ের করার পরই নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্ত আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া গয়নার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৭০০ গ্রাম উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সোনার খোঁজে তল্লাশি চলছে।
এই ঘটনার পর বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে, লকারে রাখা গয়না বা মূল্যবান সামগ্রী ঠিক আছে কি না, তা যেন নিয়মিত ব্যাঙ্কে গিয়ে পরীক্ষা করে দেখা হয়।