চিন-পাকিস্তানের দফারফা! ১১৪টি নয়া রাফাল কিনছে ভারত, বিশ্বের বৃহত্তম অস্ত্র চুক্তিতে সায় দিতে চলেছে মোদী সরকার

চিন এবং পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়ে ভারতের আকাশপথের শক্তি বহুগুণ বাড়াতে চলেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার জন্য আরও ১১৪টি ফ্রান্সের তৈরি বহুমুখী রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই চুক্তি ভারতের সামরিক ইতিহাসের সবথেকে বড় অস্ত্রচুক্তি হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এই মেগা ডিলে চূড়ান্ত সায় দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দিল্লি সফরের আগেই এই চুক্তি অনুমোদিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এই চুক্তির অন্যতম বিশেষত্ব হলো ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের ওপর জোর দেওয়া। চুক্তির শর্তানুযায়ী, ভারত ১০০টি যুদ্ধবিমান দেশেই তৈরির বিধান অন্তর্ভুক্ত করবে। এর মাধ্যমে ফ্রান্সের উচ্চ গ্রেডের যুদ্ধবিমান প্রযুক্তি ভারতে হস্তান্তরিত হবে, যা দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নয়া উচ্চতায় নিয়ে যাবে। ৩৬টি রাফাল ইতিমধ্যেই ভারতের ভাঁড়ারে রয়েছে, যার ক্ষমতা ‘অপারেশন সিন্দুর’-এর সময় হাড়ে হাড়ে টের পেয়েছিল পাকিস্তান। নতুন এই ১১৪টি বিমান যুক্ত হলে ফ্রান্সের পর ভারতই হবে বিশ্বের দ্বিতীয় দেশ যার কাছে সবথেকে বেশি সংখ্যক রাফাল যুদ্ধবিমান থাকবে।

ইতিমধ্যেই বায়ুসেনার হাতে থাকা রাফাল ছাড়াও নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল ‘এম’ ভার্সনের অর্ডার দেওয়া হয়েছে, যা ২০৩০ সালের মধ্যে হাতে আসবে। নতুন ১১৪টি বিমানে অত্যাধুনিক ‘SCALP’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী অস্ত্র থাকার কথা, যা ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তি এবং রণকৌশলের নিরিখে ভারত এবার এশিয়ায় কার্যত অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পথে।