বাংলাদেশে হাইভোল্টেজ ভোটের পরেই ঢাকা সফরে ট্রাম্পের দূত! কে এই ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর?

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এক ঐতিহাসিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোট দিতে চলেছেন ওপার বাংলার মানুষ। আওয়ামি লিগহীন এই নির্বাচনে বিভিন্ন সমীক্ষায় বিএনপি-র পাল্লা ভারী থাকলেও, সারা বিশ্বের নজর এখন ঢাকার দিকে। এই আবহে বড় খবর হলো, ভোট মিটলেই মার্চ মাসে বাংলাদেশে আসছেন আমেরিকার নবনিযুক্ত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ সচিব এস পল কাপুর।

ভারতীয় বংশোদ্ভূত এই কূটনীতিক ডোনাল্ড লু-র স্থলাভিষিক্ত হয়েছেন। ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পল কাপুরের সফর নিয়ে আলোচনা করেছেন। আগামী ৬ থেকে ৯ মার্চ তিনি ঢাকায় থাকতে পারেন বলে জানা গেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অধীনে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে শুল্ক কমানোর যে বাণিজ্য চুক্তি হয়েছে, কাপুরের এই সফর সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় চিনের প্রভাব রুখতে পল কাপুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কে এই এস পল কাপুর? দিল্লিতে জন্ম নেওয়া পল কাপুরের বাবা ভারতীয় এবং মা আমেরিকান। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই বিদগ্ধ অধ্যাপক বর্তমানে মার্কিন নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের সঙ্গে যুক্ত। দ্বিতীয় ট্রাম্প প্রশাসন তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্ব দিয়েছে। এর আগে মার্কিন সেনেটে শুনানি চলাকালীন ভারত ও বাংলাদেশ প্রসঙ্গে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ কূটনীতিবিদদের নজর কেড়েছিল।