নেশার টাকার জন্য মাকে বঁটি দিয়ে কুপিয়ে খুন! পূর্বস্থলীতে গুণধর ছেলের তাণ্ডবে রক্তাক্ত বাবাও

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত মধুপুর গ্রামে এক মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। নেশার টাকা না পেয়ে নিজের মা নুরহাজান বিবিকে (৬০) বঁটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বড় ছেলে হাসিবুল শেখের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন বৃদ্ধ বাবা কিসমত শেখ। সোমবার বিকেলের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল চারটে নাগাদ হাসিবুল বাড়িতে এসে মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় তুমুল অশান্তি। অভিযোগ, বচসা চলাকালীন হাসিবুল ঘর থেকে একটি বঁটি নিয়ে এসে অতর্কিতে মায়ের পেটে ও গলায় কোপাতে শুরু করে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবা কিসমত শেখও। বাড়ির ছোট বউমা মাজিদা বিবির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরহাজান বিবির।

ঘটনার পর অভিযুক্ত হাসিবুল পালানোর চেষ্টা করলে একটি নিকাশি নালায় পড়ে যায়। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। জখম কিসমত শেখকে প্রথমে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পূর্বস্থলী থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।