এয়ার ইন্ডিয়ার রাজকীয় চমক! দিল্লি বিমানবন্দরে খুলল বিলাসবহুল ‘মহারাজা লাউঞ্জ’, সাধারণরা কি ঢুকতে পারবেন?

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া তাদের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ গ্রহণ করেছে। আকাশপথের পাশাপাশি এবার মাটি তথা বিমানবন্দরেও রাজকীয় পরিষেবা নিশ্চিত করতে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (T3) টার্মিনালে যাত্রা শুরু করছে তাদের প্রথম ফ্ল্যাগশিপ ‘মহারাজা লাউঞ্জ’। ১৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হতে যাওয়া এই লাউঞ্জটি স্রেফ একটি বিশ্রামাগার নয়, বরং এটি এয়ার ইন্ডিয়ার আভিজাত্যের নতুন পরিচয়।
আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন: বিখ্যাত গ্লোবাল ডিজাইন সংস্থা ‘হির্শ বেডনার অ্যাসোসিয়েটস’-এর নকশায় তৈরি এই লাউঞ্জটি ১৬,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। ভারতীয় শিল্পকলা এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ এখানে দেখা যাবে। লাউঞ্জটিকে কয়েকটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে:
-
লাইভ কুকিং স্টেশন: দেশি ও আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে পারবেন যাত্রীরা।
-
বেভারেজ অন হুইলস: এই বিশেষ পরিষেবার মাধ্যমে আপনার আসনেই পৌঁছে যাবে পছন্দের ককটেল।
-
সেরেনিটি এরিয়া: যারা বিশ্রামের খোঁজে থাকবেন, তাদের জন্য রয়েছে রিক্লাইনার সমৃদ্ধ শান্ত পরিবেশ।
-
দ্য গ্লোবেট্রটার স্টাডি: কাজ পাগল মানুষদের জন্য উচ্চ-গতির ওয়াই-ফাইসহ নিরিবিলি কাজের জায়গা।
-
ক্রিস্টাল বার ও স্লিপ চেম্বার: প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য থাকছে প্রিমিয়াম ‘ক্রিস্টাল বার’ এবং সরাসরি রানওয়ে ভিউসহ ‘প্রাইভেট স্লিপ চেম্বার’।
কারা পাবেন প্রবেশের সুযোগ? এই লাউঞ্জে প্রবেশাধিকার অত্যন্ত নিয়ন্ত্রিত। বর্তমানে এখানে ‘পেইড এন্ট্রি’ বা টাকা দিয়ে প্রবেশের কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র নিচের যাত্রীরাই এই রাজকীয় আতিথেয়তা গ্রহণ করতে পারবেন: ১. এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটের প্রথম ও বিজনেস ক্লাসের যাত্রী। ২. মহারাজা ক্লাবের গোল্ড ও প্ল্যাটিনাম মেম্বাররা। ৩. স্টার অ্যালায়েন্স গোল্ড সদস্যরা।
এয়ার ইন্ডিয়ার এই মাস্টারস্ট্রোক বিশ্বজুড়ে বিলাসবহুল ভ্রমণ বাজারে তাদের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।