দুধ থেকে মাছির মতো ছুড়ে ফেলেছে বোর্ড! ব্যাটে আগুন জ্বালিয়ে মোক্ষম জবাব দিলেন মহম্মদ শামি

ভারতীয় দল থেকে ব্রাত্য হয়ে থাকা মহম্মদ শামি বুঝিয়ে দিলেন, তাঁর ধার এখনও কমেনি। বল হাতে সারা বিশ্বকে শাসন করা এই অভিজ্ঞ পেসার এবার রঞ্জি ট্রফির মঞ্চে দেখালেন নিজের ব্যাটিং তাণ্ডব। ক্যানভাসটা ছিল রঞ্জি ট্রফি ২০২৫-২৬-এর অন্ধ্রপ্রদেশ বনাম পশ্চিমবঙ্গ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ১০ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি করে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিলেন শামি।
ব্যাটিংয়ে ঝড়, স্ট্রাইক রেট ১৬০ পার: পশ্চিমবঙ্গের হয়ে প্রথম ইনিংসে ১০ নম্বরে নামার পর শামি যেন কোনও মারকুটে ওপেনারের রূপ ধারণ করেন। মোট ৩৩টি বলের মোকাবিলা করে তিনি করেন ৫৩ রান। তাঁর এই বিস্ফোরক ইনিংসে ছিল ৭টি চোখধাঁধানো চার এবং ৩টি বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ১৬০.৬০! শামির এই আক্রমণাত্মক ব্যাটিং দেখে কল্যাণীর স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন।
বোলিংয়ে কি ধার কমল? ব্যাট হাতে সফল হলেও, শামি যার জন্য বিখ্যাত সেই বোলিং বিভাগে কিন্তু এই ম্যাচে খুব একটা চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। প্রথম ইনিংসে ১৭ ওভার বল করে মাত্র ১টি উইকেট পান তিনি। দ্বিতীয় ইনিংসেও খবর লেখা পর্যন্ত ৩ ওভার বল করে কোনও সাফল্যের মুখ দেখেননি। চোট সারিয়ে ফেরার লড়াই এবং ৩৫ বছর বয়সে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ এখন শামির সামনে বড় বাধা।
ভারতীয় জার্সিতে ৬৪ টেস্টে ২২৯টি উইকেট নেওয়া এই তারকা কি পারবেন আবার জাতীয় দলে জায়গা করে নিতে? শামির এই ‘অলরাউন্ড’ পারফরম্যান্স বিসিসিআই-এর দরজা খোলে কি না, সেটাই এখন দেখার।