প্রযুক্তিকে ‘প্রভু’ বানাবেন না! ‘পরীক্ষা পে চর্চা’-য় পড়ুয়াদের জীবনের পাঠ দিলেন মোদী

সোমবার ‘পরীক্ষা পে চর্চা’-র নবম সংস্করণের দ্বিতীয় পর্বে দেশের হাজার হাজার ছাত্রছাত্রীর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে গুয়াহাটি, কোয়েম্বাটুর থেকে রায়পুর— দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের মনের কথা শুনলেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে, তিনি এই অনুষ্ঠানে শেখাতে আসেন না, বরং ছাত্রছাত্রীদের থেকে নতুন কিছু শিখতেই প্রতি বছর এই আলোচনায় অংশ নেন।

এবারের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, “প্রযুক্তির দাস হবেন না। AI বা স্মার্টফোনকে সরঞ্জাম হিসেবে ব্যবহার করুন, সেগুলোকে আপনার ‘প্রভু’ হতে দেবেন না।” প্রযুক্তির মাধ্যমে নিজেদের সম্ভাবনাকে আরও প্রসারিত করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’ নিয়ে পড়ুয়াদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, তা দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ছোট ছোট অভ্যেস যেমন— খাবার নষ্ট না করা বা লাল আলোতে গাড়ির ইঞ্জিন বন্ধ করাও উন্নত দেশ গড়ার পথে বড় পদক্ষেপ।

সাফল্যের চাবিকাঠি হিসেবে ‘শৃঙ্খলা’-র ওপর জোর দিয়েছেন মোদী। তিনি বলেন, শুধু অনুপ্রেরণা থাকলেই হয় না, শৃঙ্খলার অভাব থাকলে কৃষকের ফসলের মতোই ক্ষতিগ্রস্ত হতে পারে পড়ুয়াদের ভবিষ্যৎ। একইসঙ্গে পড়াশোনা ও খেলাধুলার ভারসাম্যের গুরুত্ব বুঝিয়ে তিনি বলেন, “জীবনে খেলাধুলার যেমন প্রয়োজন আছে, তেমনই শিক্ষাকে অবহেলা করা ঠিক নয়।” জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাওয়াই বর্তমান প্রজন্মের লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।