প্রথম জন্মদিনেই কোটিপতি! হাইওয়ের জমি থেকে লক্ষ লক্ষ নগদ— আলিগড়ের খুদের উপহার দেখে তাজ্জব নেটপাড়া

এক বছরের জন্মদিনে উপহারের তালিকায় সাধারণত থাকে খেলনা বা নতুন জামা। কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ের এক খুদে তার প্রথম জন্মদিনে যা পেল, তা দেখে চোখ কপালে উঠেছে সবার। আলিগড়-আগ্রা হাইওয়ের ধারে বিশাল জমি, নগদ ১১ লক্ষ টাকা, ২০ গ্রাম সোনার চেন এবং ৫০০ গ্রাম রুপোর থালাবাসন— সবটাই ওই একরত্তির উপহার! এমনকি রুপোর বালা থেকে শুরু করে ঘরভর্তি দামী খেলনাও বাদ যায়নি।
শুধু শিশুটিই নয়, পুত্রসন্তানের জন্ম দেওয়ার জন্য পরিবারের তরফে পুত্রবধূকেও দেওয়া হয়েছে ৩৫ গ্রামের সোনার হার ও রত্নখচিত গয়না। সেই সঙ্গে আত্মীয়দের বিলি করা হয়েছে ১০১টি শাড়ি ও ১০১টি পোশাকের সেট। সম্প্রতি এই রাজকীয় উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
দেড় লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। নেটিজেনদের একাংশের মতে, এই ধরণের প্রদর্শন অমানবিক। যেখানে দেশের বহু শিশু কেক কাটার সুযোগ পায় না, সেখানে এই বিলাসিতা কি কাম্য? কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে; তাঁদের মতে, সোশ্যাল মিডিয়ায় এভাবে সম্পত্তির প্রদর্শন শিশুটির জন্য বিপদ ডেকে আনতে পারে।