শিলিগুড়ির ‘চিকেনস নেক’-এ রেলের মাস্টারপ্ল্যান! মাটির নিচ দিয়ে ছুটবে ট্রেন, থমকে যাবে চিন-বাংলাদেশের চাল?

উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার কথা মাথায় রেখে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। শিলিগুড়ির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ (Chicken’s Neck) করিডরকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে মাটির নিচ দিয়ে রেললাইন বসানোর পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ রেলপথ তৈরি করা হবে, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারে।

শিলিগুড়ির এই সংকীর্ণ করিডরটি ভারতরে জন্য অত্যন্ত সংবেদনশীল। এর একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ এবং উত্তরে চিনের চুম্বি ভ্যালি। এই করিডর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষা করা হয়। সামরিক সরঞ্জাম থেকে জ্বালানি— সবই এই পথ দিয়ে যায়। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চিন ও বাংলাদেশের দিক থেকে নজরদারি বাড়ায় এই করিডরকে সুরক্ষিত রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবে এই পথ বিচ্ছিন্ন হলে সিকিম ও অরুণাচল প্রদেশও বিপদের মুখে পড়তে পারে।

রেল মন্ত্রক সূত্রে খবর, দার্জিলিংয়ের তিনমিলে হাট থেকে রাঙাপানি এবং পরে বাগডোগরা পর্যন্ত এই সুড়ঙ্গ পথ তৈরি হবে। মাটির উপরে থাকা রেললাইন বা পরিকাঠামো প্রাকৃতিক বিপর্যয় বা ড্রোন ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু আন্ডারগ্রাউন্ড রেলপথ এই সব বিপদ থেকে রক্ষা করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সুড়ঙ্গ পথে সেনার চলাচল এবং রসদ সরবরাহ অনেক বেশি নিরাপদ ও দ্রুত হবে। টানেল বোরিং মেশিন দিয়ে তৈরি এই রেলপথে অটোমেটিক সিগন্যালিং ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিফিকেশন সিস্টেম থাকবে, যা উত্তর-পূর্ব ভারতের প্রতিরক্ষা কবচ হিসেবে কাজ করবে।