মশা তাড়ানোর কয়েলই হলো কাল! মাঝরাতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, জীবন্ত পুড়ে মরলেন কন্ডাক্টর

মশা তাড়ানোর একটি সামান্য কয়েল যে এত বড় বিপদ ডেকে আনতে পারে, তা হয়তো ভাবতেও পারেননি ২৫ বছরের সুনীল শর্মা। রবিবার রাতে দিল্লির বিকাশপুরী এলাকায় একটি ব্যক্তিগত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তরুণ বাস কন্ডাক্টর সুনীল। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, বাসের ভেতরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েলের আগুন থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
কী ঘটেছিল সেই রাতে? জানা গিয়েছে, রবিবার রাতে দিল্লির জনকপুরী ফিশ মার্কেটের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন কন্ডাক্টর সুনীল শর্মা। মশার উপদ্রব থেকে বাঁচতে তিনি একটি কয়েল জ্বালিয়েছিলেন। মাঝরাতে সেই কয়েল থেকে কোনোভাবে বাসের সিট বা দাহ্য বস্তুতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাসটি আগুনের গোলায় পরিণত হয়। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় সুনীল পালানোর সুযোগটুকুও পাননি।
দমকল ও পুলিশের তৎপরতা: দিল্লি ফায়ার সার্ভিসের কাছে রাত ১২:৩৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়। তড়িঘড়ি দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব শেষ। বাসের ভেতর থেকে সুনীলের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার সঠিক কারণ জানতে ফরেনসিক তদন্ত শুরু করেছে।