মাঝসমুদ্রে দুর্ধর্ষ অপারেশন! আন্তর্জাতিক তেল পাচারচক্রের পর্দাফাঁস করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

ভারতের পশ্চিম উপকূলে এক শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তর্জাতিক তেল পাচারকারী চক্রের হদিস পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG)। গত ৬ ফেব্রুয়ারি চালানো এই অভিযানে পাচারকারীদের একটি বড় সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হয়েছে। মূলত যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে সস্তায় তেল ও তেলজাতীয় পণ্য সংগ্রহ করে তা আন্তর্জাতিক জলসীমায় হাতবদল করে ভারতে পাচার করার ছক কষেছিল এই চক্রটি।

মুম্বাই থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে গত ৫ ফেব্রুয়ারি তিনটি সন্দেহভাজন জাহাজকে আটক করা হয়। উপকূলরক্ষী বাহিনীর নজরদারি ব্যবস্থায় একটি ট্যাঙ্কারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তড়িঘড়ি তদন্ত শুরু হয়। ডিজিটাল ইনভেস্টিগেশন ও ট্রাফিক প্যাটার্ন বিশ্লেষণে দেখা যায়, তিনটি জাহাজ একে অপরের সাথে সমন্বয় করে মাঝসমুদ্রে তেল আদান-প্রদান (Ship-to-Ship Transfer) করছে। ভারতীয় কোস্ট গার্ডের স্পেশাল বোর্ডিং টিম ওই জাহাজগুলোতে তল্লাশি চালিয়ে নথিপত্র এবং ইলেকট্রনিক ডেটা খতিয়ে দেখে নিশ্চিত হয় যে, কাস্টমস ডিউটি ফাঁকি দিয়ে অবৈধভাবে তেল বিক্রির চেষ্টা চলছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে জাহাজগুলো বারবার নাম ও পরিচয় বদল করত। ধৃত জাহাজগুলোর মালিকরা ভারতের বাইরের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। আটক করা জাহাজগুলোকে মুম্বাই বন্দরে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সেগুলিকে কাস্টমস ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হবে।