‘রোমিও-জুলিয়েট’ ক্লজে সরাসরি না! কেন কিশোর-কিশোরীদের প্রেমে কড়া অবস্থান নিল কেন্দ্র?

দেশের কিশোর-কিশোরীদের ‘স্বতঃস্ফূর্ত প্রেম’-এর সম্পর্কে পকসো (POCSO) আইনের কঠোরতা শিথিল করার যে পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছিল, তাতে সরাসরি অসম্মতি জানাল কেন্দ্রীয় সরকার। শুক্রবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী স্পষ্ট জানিয়েছেন, সম্মতির বয়স (Age of Consent) ১৮ বছর থেকে কমানো বা কোনো বিশেষ ছাড় (Exceptions) দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।

গত জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ সরকারকে অনুরোধ করেছিল ‘রোমিও-জুলিয়েট’ ক্লজ যুক্ত করার বিষয়টি ভেবে দেখতে। এর লক্ষ্য ছিল সত্যিকারের কিশোর সম্পর্কের ক্ষেত্রে কঠোর সাজা এড়ানো। কিন্তু কেন্দ্রীয় সরকারের মতে, সম্মতির বয়সে কোনো রকম কারচুপি বা শৈথিল্য আনলে তা শিশুদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে এবং শোষণের ঝুঁকি বাড়িয়ে দেবে। অন্নপূর্ণা দেবী বলেন, “১৮ বছর বয়স বজায় রাখা একটি সুচিন্তিত নীতি। শিশুদের আইনি এবং মনস্তাত্ত্বিক ক্ষমতা থাকে না যৌন সম্পর্কের মতো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার।”

সরকার আরও যুক্তি দিয়েছে যে, ভারতীয় দণ্ডবিধি (BNS), বাল্যবিবাহ প্রতিরোধ আইন এবং হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইনের মতো একাধিক বিধিতে সাবালকত্বের বয়স ১৮ বছর হিসেবে নির্দিষ্ট। আইনের এই ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। মন্ত্রী জানান, পকসো আইনে আলাদা করে ‘সম্মতি’র কোনো সংজ্ঞা নেই; ১৮ বছরের নিচে যেকোনো যৌন সংসর্গই অপরাধ হিসেবে গণ্য হবে, তা সম্মতিতেই হোক বা জোরপূর্বক। কেন্দ্রের এই অনড় অবস্থানের ফলে কিশোর বয়সের প্রেমের জেরে হওয়া আইনি জটিলতাগুলি আগের মতোই বহাল থাকছে।