হলিউডে লিসা-ঝড়! নেটফ্লিক্সের নতুন রোমান্টিক কমেডিতে প্রধান চরিত্রে ব্ল্যাকপিঙ্ক তারকা

হলিউডে নিজের জায়গা আরও মজবুত করছেন ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসা। নেটফ্লিক্সের একটি আসন্ন রোমান্টিক কমেডি ছবিতে প্রথমবার লিড রোল বা প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবির পরিকল্পনাটি দানা বেঁধেছিল ‘দ্য হোয়াইট লোটাস’ সিজন ৩-এর শুটিং চলাকালীন। লিসা এবং এক্সিকিউটিভ প্রযোজক ডেভিড বার্নাড ১৯৯৯ সালের ক্লাসিক ছবি ‘নটিং হিল’-এর প্রতি তাঁদের ভালোবাসার কথা আলোচনা করতে গিয়েই এই নতুন প্রজেক্টের কথা ভাবেন।
ছবিটির চিত্রনাট্য লিখছেন কেটি সিলবারম্যান, যিনি ‘বুকস্মার্ট’ এবং ‘সেট ইট আপ’-এর মতো জনপ্রিয় ছবির জন্য পরিচিত। লিসা কেবল এই ছবিতে অভিনয়ই করবেন না, তিনি ছবির অন্যতম এক্সিকিউটিভ প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন। অভিনয়ের পাশাপাশি লিসার একক অ্যালবাম ‘অল্টার ইগো’ (Alter Ego) ইতিমধ্যেই বিলবোর্ড চার্টে শীর্ষে রয়েছে। এছাড়া তিনি ‘Extraction’ ইউনিভার্সের অ্যাকশন ফিল্ম ‘TYGO’-তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।