হাড়কাঁপানো ঠান্ডার দাপট! বেঙ্গালুরু সহ উপকূলীয় কর্ণাটকে জারি আবহাওয়া দপ্তরের সতর্কতা

কর্ণাটক জুড়ে বজায় রয়েছে চরম শুষ্ক আবহাওয়া। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ এবং আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির দেখা নেই তো বটেই, উল্টে উপকূলীয় এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের জেলাগুলিতে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও দিনভর আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণ কর্ণাটকের মহীশূর, শিবমোগা, চিকমাগালুরু, হাসান, কোডাগু, বেঙ্গালুরু শহর এবং গ্রামীণ জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একই চিত্র দেখা যাচ্ছে উপকূলীয় কর্ণাটকেও। উদুপি, দক্ষিণ কন্নড় এবং উত্তর কন্নড়ের মতো সাধারণত আর্দ্র জেলাগুলিতেও এখন বাতাসের আর্দ্রতা কমে গিয়ে রুক্ষ ভাব বাড়ছে। উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের বেলাগাভি, বিদার, বিজয়পুরা এবং কালবুর্গির মতো জেলাগুলিতেও টানা শুষ্ক স্পেল চলছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বাসিন্দাদের বিশেষ করে ভোরবেলা এবং রাতের তীব্র ঠান্ডা ও শুষ্ক হাওয়া থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।