যোগী ম্যাজিক! এবার মাত্র ৫ মিনিটেই মিলবে কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের অন্নদাতা কৃষকদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ডিজিটাল গভর্নেন্সের ওপর জোর দিয়ে তিনি জানিয়েছেন, আগে কিষাণ ক্রেডিট কার্ডের (KCC) মাধ্যমে ঋণ পেতে যেখানে ২৫ দিন থেকে এক মাস সময় লাগত, এখন ই-কেসিসি (e-KCC)-র মাধ্যমে মাত্র ৫ মিনিটেই সেই ঋণ সুবিধা পাবেন কৃষকরা। বৃহস্পতিবার লখনউয়ের লোকভবনে আয়োজিত ‘রাজ্য ঋণ সেমিনার’-এ মুখ্যমন্ত্রী এই বড় সিদ্ধান্তের কথা জানান।
যোগী আদিত্যনাথ বলেন, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৩ লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। কৃষকদের ওপর ঋণের বোঝা কমাতে সুদের হারেও বড় ছাড়ের ঘোষণা করেছেন তিনি। আগে কৃষকদের ১১ শতাংশ সুদে ঋণ নিতে হতো, কিন্তু এখন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা মাত্র ৫ থেকে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন। বাকি সুদের ভার বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ব্যাঙ্কারদের প্রতি আবেদন জানিয়েছেন যাতে ঋণ প্রদানের শর্তাবলী আরও সহজ করা হয়, যাতে কৃষকরা প্রযুক্তিতে বিনিয়োগ করে নিজেদের আয় বৃদ্ধি করতে পারেন।
অর্থনৈতিক সাফল্যের খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশ এখন আর ‘বিমারু’ রাজ্য নয়। ২০১৬ সালে রাজ্যের অর্থনীতি ছিল ১১.৭ লক্ষ কোটি টাকার, যা চলতি অর্থবর্ষের শেষে ৩৬ লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। দেশের জিডিপিতে উত্তরপ্রদেশের অবদান ৮ শতাংশ থেকে বেড়ে ৯.৫ শতাংশ হয়েছে। বর্তমানে রাজ্যের ৮৬ শতাংশ জমি সেচ ব্যবস্থার আওতায় এবং ১৬ লক্ষ টিউবওয়েলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে। ডিজিটাল মডেল ও উন্নত আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে উত্তরপ্রদেশ এখন দেশের প্রথম সারির স্বনির্ভর রাজ্যে পরিণত হয়েছে।