বিধানসভায় ‘নতুন ইনিংস’ শুরু পার্থর! জেলমুক্তির পর এবার গুরুত্বপূর্ণ কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জেলবাস কাটিয়ে ফেরার পর এবার বিধানসভায় নতুন প্রশাসনিক দায়িত্ব পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে গ্রেফতারির পর মন্ত্রিত্ব খোয়ানো পার্থকে এবার একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে। সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অঙ্গ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর।
কী কী দায়িত্ব পেলেন পার্থ? বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনো মন্ত্রী স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভায় নেই, তাই তাঁকে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। এর পাশাপাশি আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম নথিভুক্ত করা হয়েছে।
প্রেক্ষাপট: ২০২২ সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা। ২০২৫ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের কাছে খোলা চিঠি লিখেছিলেন তিনি। এবার বিধায়ক হিসেবে পূর্ণ মেয়াদে অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কমিটির কাজেও সক্রিয় হতে দেখা যাবে রাজ্যের প্রাক্তন এই প্রভাবশালী মন্ত্রীকে।