ইউনূসের ডাকে সাড়া দিল বিশ্বের ৩৩০ পর্যবেক্ষক, তালিকায় নেই ভারত! বাংলাদেশের ভোটে দিল্লির অবস্থান ঘিরে ঘনীভূত রহস্য

প্রতিবেশী দেশ বাংলাদেশে ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সে দেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এখন বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নজর কেড়েছে, তা হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারতকে দেওয়া বিশেষ আমন্ত্রণ।
রবিবার ঢাকা থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ের জন্য ভারতসহ একাধিক দেশকে পর্যবেক্ষক হিসেবে তলব করা হয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এখনও পর্যন্ত ভারতসহ বিশ্বের ১১টি দেশ এই আমন্ত্রণের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভোটবাক্সে যখন জনমত প্রতিফলিত হবে, তখন ভারতের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনও বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই নির্বাচনকে একটি ‘মাইলফলক’ বা মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ইতিমধ্যেই ওআইসি (OIC), ইউরোপীয় ইউনিয়ন (EU), কমনওয়েলথ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা মিলিয়ে মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা এবং ফ্রান্সের মতো দেশগুলোর নীরবতা ঢাকার কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে।
বাংলাদেশের এই নির্বাচনে ৩০০টি আসনে লড়াই করছেন ৫০টিরও বেশি দলের প্রায় দুই হাজার প্রার্থী। এর পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হবে একই দিনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক আধিকারিক আশা প্রকাশ করে জানিয়েছেন, “আমরা এখনও আশাবাদী যে ভারতসহ বাকি দেশগুলো তাদের প্রতিনিধি পাঠাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে।” দিল্লির নীরবতা কি বিশেষ কোনো কূটনৈতিক কৌশলের অংশ, নাকি শেষ মুহূর্তে ভারত প্রতিনিধি পাঠাবে, এখন সেটাই দেখার।