আরব বিশ্বের সাথে ‘অটুট ভ্রাতৃত্ব’, নয়া উচ্চতায় ভারত! মেগা বৈঠকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাজধানী দিল্লিতে আরব লিগের সদস্য দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধিদলের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রী আরব বিশ্বকে ভারতের ‘বর্ধিত প্রতিবেশী’ (Extended Neighbourhood) হিসেবে অভিহিত করে জানান, বাণিজ্য, প্রযুক্তি এবং জ্বালানি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দুই অঞ্চলের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
ঐতিহাসিক বন্ধন ও দ্বিপাক্ষিক সহযোগিতা: বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “আরব লিগের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের গভীর সভ্যতার যোগসূত্র, প্রাণবন্ত জন-সম্পর্ক এবং অটুট ভ্রাতৃত্বের বন্ধন শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।” প্রধানমন্ত্রী কার্যালয় (PMO) থেকে জানানো হয়েছে, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, উদ্ভাবন এবং ডিজিটাল প্রযুক্তিতেও ভারত আরব দেশগুলির সাথে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফিলিস্তিন ইস্যু ও শান্তি প্রচেষ্টা: বৈঠকে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন। গাজা শান্তি পরিকল্পনা সহ ওই অঞ্চলে শান্তি ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে ভারত স্বাগত জানায় বলে তিনি জানান। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আরব লিগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উচ্চপর্যায়ের বৈঠক আগামী দিনে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে কূটনৈতিক মহল।