আমেরিকায় আর্থিক চমৎকার’! ট্যারিফ নীতি নিয়ে বিরোধীদের মুখ বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার প্রমাণ করলেন কেন তাঁকে অর্থনীতির ‘গেম চেঞ্জার’ বলা হয়। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ লেখা একটি নিবন্ধে ট্রাম্প তাঁর কঠোর ট্যারিফ নীতির জোরালো সওয়াল করেছেন। ট্রাম্পের দাবি, বিদেশি আমদানির ওপর তাঁর বসানো ঐতিহাসিক শুল্ক আমেরিকাকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়ে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ অর্থনীতিতে পরিণত করছে।
পরিসংখ্যানের লড়াই: ট্রাম্প দাবি করেছেন, গত এক বছরে মার্কিন ফেডারেল বাজেটের ঘাটতি ২৭ শতাংশ কমিয়ে আনা হয়েছে। আরও বিস্ময়করভাবে, মাসিক বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ৭৭ শতাংশ। মজার বিষয় হলো, সমালোচকরা যখন বৈশ্বিক মন্দার পূর্বাভাস দিয়েছিলেন, তখন ট্রাম্পের জমানায় আমেরিকায় মুদ্রাস্ফীতির হার মাত্র ১.৪ শতাংশে থমকে দাঁড়িয়েছে এবং জিডিপি ৪.৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্পের মতে, “আগে বলা হয়েছিল আমার নীতিতে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য দেশগুলোও ঠিক আছে আর আমেরিকা অলৌকিক উন্নতি করছে।”
শেয়ার বাজারের ‘রকেট’ গতি: মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর জয়ের পর থেকে শেয়ার বাজার ৫২ বার সর্বকালীন রেকর্ড ভেঙেছে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ খুব দ্রুত ৫০,০০০-এর গণ্ডি পেরিয়ে যাবে। তাঁর দাবি, মার্কিন কর্মীদের প্রকৃত আয় ১,০০০ থেকে ২,০০০ ডলার বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের মতে, তাঁর পূর্বসূরি তাঁকে এক ‘বিধ্বস্ত’ অর্থনীতি দিয়েছিলেন, যা তিনি মাত্র ৯ মাসেই সুস্থ করে তুলেছেন।