ধোনির ‘ব্রহ্মাস্ত্র’ এবার টিম ইন্ডিয়ার তুরুপের তাস! গ্যালারির কাচ ভাঙা সেই শিবম দুবেই এখন বিশ্বজয়ের আশা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত হারলেও, ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই— শিবম দুবে। টপ অর্ডারের ব্যর্থতার মাঝে ২৩ বলে ৬৫ রানের সেই বিধ্বংসী ইনিংস বিশ্বকাপের আগে নির্বাচকদের স্বস্তি দিচ্ছে। তবে আজকের এই ‘ফিনিশার’ শিবম দুবের উত্থানের নেপথ্যে রয়েছেন একজনই, তিনি মহেন্দ্র সিং ধোনি। সিএসকে-র হলুদ জার্সিতে মাহির ছত্রছায়ায় থেকেই আজ ভারতের মিডল অর্ডারের মেরুদণ্ড হয়ে উঠেছেন এই বাঁহাতি ব্যাটার।

২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় দুবের পাওয়ার হিটিং নজর কেড়েছিল সিএসকে ম্যানেজমেন্টের। ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিং বুঝেছিলেন, স্পিনের বিরুদ্ধে দুবের মতো ‘মনস্টার হিটার’ বিরল। ২০২২ সালের নিলামে ৪ কোটি টাকায় তাঁকে দলে নেয় চেন্নাই। প্রথম দিকে খাপ খাওয়াতে সমস্যা হলেও আরসিবির বিরুদ্ধে ৪৬ বলে ৯৫ রানের ইনিংসটি তাঁর ভাগ্য বদলে দেয়। গ্যালারির কাচ ভাঙা বা স্টেডিয়ামের বাইরে বল পাঠানো— দুবের পেশ পেশিশক্তি তখন খোদ ধোনিকেও হার মানাচ্ছিল। সাফল্যের পুরস্কার হিসেবেই অন্য দলের প্রলোভন এড়িয়ে ১২ কোটি টাকায় তাঁকে ধরে রাখে সিএসকে।

তবে শুধু স্পিন নয়, দুবের দুর্বলতা ছিল পেসারদের শর্ট বলে। ধোনির পরামর্শে নেটে সেই খামতিও শুধরে নিয়েছেন তিনি। কিউয়ি পেসার জ্যাকব ডাফিদের বিরুদ্ধে তাঁর সাবলীল ব্যাটিংই তার প্রমাণ। গত এশিয়া কাপে তাঁর বোলিং দক্ষতাও দেখেছে বিশ্ব। আজ শিবম দুবে কেবল একজন আইপিএল তারকা নন, বরং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ম্যাচ জেতানোর প্রধান কারিগর হওয়ার পথে। ধোনির সেই জহুরির চোখ যে ভুল ছিল না, দুবের প্রতিটি ছক্কাই আজ তা প্রমাণ করছে।