‘আমাকে লাথি মেরেছে…’,TMC ক্ষমতা হারাতেই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা

টানটান উত্তেজনা, স্লোগান-পাল্টা স্লোগান আর তার মাঝেই বিস্ফোরক অভিযোগ। সোমবার সন্ধ্যায় ভবানীপুরের ভোটগণনা কেন্দ্রের বাইরে মেজাজ হারালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ তুললেন তাঁর গায়ে হাত তোলার। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতার দাবি, “আমাকে লাথি মারা হয়েছে, ভোট লুট হয়েছে।”

এ দিন বিকেলে ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে ভোটগণনা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছানো মাত্রই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সমর্থকদের পক্ষ থেকে ‘চোর চোর’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হতে থাকে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।

গণনাকেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সিআরপিএফ-এর সামনেই আমাকে মারা হয়েছে। ১০০টি আসন লুট করা হয়েছে। এটা কোনও নৈতিক জয় নয়, অনৈতিক। আমি মনোজ আগরওয়ালকে বারবার মেসেজ করেছি, কিন্তু কোনও উত্তর আসেনি। আসলে ওরা নির্বাচন কমিশন নয়, বিজেপি কমিশন হয়ে কাজ করছে।”

তৃণমূল নেত্রীর আরও অভিযোগ, তিনি যখন গণনাকেন্দ্রে প্রবেশ করেন, তখন সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। জেলা নির্বাচনী আধিকারিক (DEO) প্রথমে তাঁকে প্রবেশের অনুমতি দিলেও পরে নাকি তিনি ‘বেপাত্তা’ হয়ে যান। মমতার কথায়, “আমি মাত্র পাঁচ মিনিটের জন্য গিয়েছিলাম, আমাকে মেরে বের করে দেওয়া হয়েছে।” তবে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও তাঁর হুঙ্কার, “উই উইল বাউন্স ব্যাক (আমরা ফিরে আসব)।”

অন্যদিকে, মমতার এই অভিযোগকে স্রেফ ‘হারের অজুহাত’ বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, নিশ্চিত পরাজয় বুঝেই এখন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী।

গণনাকেন্দ্রে নজিরবিহীন বিশৃঙ্খলা এ দিন বিকেলে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই সেখানে হাজির হন শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েট প্রার্থীর উপস্থিতিতে পরিস্থিতি চরমে ওঠে। জানা গেছে, গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের কারণে নিয়ম অনুযায়ী মমতা এবং শুভেন্দু—উভয়ের ফোনই বাজেয়াপ্ত করা হয়। এর কিছুক্ষণ পরেই আচমকা

গণনা বন্ধ হয়ে যাওয়ায় ধন্দ তৈরি হয়। বাইরে তখন তৃণমূল ও বিজেপি এজেন্টদের মধ্যে চলছে তুমুল বাগবিতণ্ডা।

ভবানীপুরের ফলাফল কোন দিকে? সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫ রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ২৯২৯ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পিছিয়ে থাকলেও লড়াই এখনও শেষ হয়নি। কারণ, এখনও ৫ রাউন্ডের গণনা বাকি। শেষ মুহূর্তের এই রাউন্ডগুলোতে ফলাফল কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।