ব্যাট হাতে মাঠ কাঁপাবেন এই ১০ মহাতারকা! টি-টোয়েন্টি বিশ্বকাপে কার কব্জিতে ধ্বংস হবে প্রতিপক্ষ?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পারদ চড়তে শুরু করেছে ক্রিকেট বিশ্বে। আইসিসি র‍্যাঙ্কিং আর সাম্প্রতিক বিধ্বংসী ফর্ম বিচার করে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বেছে নিয়েছেন এমন কিছু ব্যাটারকে, যাঁরা একাই বদলে দিতে পারেন ম্যাচের রঙ। চার-ছক্কার বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দিতে প্রস্তুত এই ১০ জন মহাতারকা। দেখে নিন কার দিকে নজর থাকবে গোটা বিশ্বের।

১. অভিষেক শর্মা (ভারত): বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সিংহাসন তাঁর দখলে। ভারতীয় ক্রিকেটের এই নতুন ‘পোস্টার বয়’ ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বোলারদের ওপর ছড়ি ঘোরাতে দক্ষ। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের ওপরই দাঁড়িয়ে আছে ভারতের বড় স্কোরের ভিত।

২. জস বাটলার (ইংল্যান্ড): সাদা বলের ক্রিকেটে বাটলার এক ভয়ঙ্কর নাম। বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক অভিজ্ঞতার ঝুলি নিয়ে নামবেন মাঠে। উইকেটের পিছনে গ্লাভস হাতে যেমন দক্ষ, ব্যা হাতে তেমনই বিধ্বংসী।

৩. মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): অজি অধিনায়ক মার্শ বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ত্রাস। অলরাউন্ডার হিসেবে দলে ভারসাম্য আনার পাশাপাশি তাঁর পেশিবহুল ব্যাটিং যে কোনও স্টেডিয়ামকে ছোট করে দিতে পারে।

৪. পাথুম নিসানকা (শ্রীলঙ্কা): দ্বীপরাষ্ট্রের ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি। ২০২১ সালে অভিষেকের পর থেকেই টপ অর্ডারে শ্রীলঙ্কার ভরসা হয়ে উঠেছেন নিসানকা। বড় ইনিংস খেলার সহজাত ক্ষমতা তাঁর প্লাস পয়েন্ট।

৫. ফিল সল্ট (ইংল্যান্ড): কেকেআর থেকে আরসিবি—ভারতের পিচ সল্টের নখদর্পণে। বিধ্বংসী ব্যাটিং আর নির্ভীক মানসিকতা তাঁকে টি-টোয়েন্টির অন্যতম বিপজ্জনক ব্যাটার করে তুলেছে।

৬. রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান): আফগান ক্রিকেটের গতির নাম গুরবাজ। পাওয়ার প্লে-র সদ্ব্যবহার করতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর ব্যাটে ঝড় উঠলে কপালে ভাঁজ পড়ে বিশ্বের সেরা বোলারদেরও।

৭. সাহেবজাদা ফরহান (পাকিস্তান): আনপ্রেডিক্টেবল পাকিস্তানের ট্রাম্প কার্ড হতে পারেন ফরহান। গত বিশ্বকাপের ক্ষত মেটাতে পাকিস্তানের বাজি এখন এই প্রতিভাধর ব্যাটার।

৮. সূর্যকুমার যাদব (ভারত): ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরে আসা সূর্য মাঝের ওভারে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবেন। তাঁর কব্জির মোচড় আর উদ্ভাবনী শট ভারতের সাফল্যের চাবিকাঠি।

৯. তিলক ভার্মা (ভারত): মিডল অর্ডারে ভারতের বাজি বাঁ-হাতি তিলক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে উত্থান হওয়া এই তরুণ ক্রিকেটারের পরিণত ব্যাটিং ভারতকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে।

১০. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া): ২০২৩ ওডিআই বিশ্বকাপের নায়ক এবার টি-টোয়েন্টিতেও তুরুপের তাস। হেডের চওড়া ব্যাটের আক্রমণাত্মক মেজাজ যে কোনও বোলিং আক্রমণকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে।