২০২৬ পদ্ম সম্মান ঘোষণা: মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন ধর্মেন্দ্র, তালিকায় আর কোন নক্ষত্র?

২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করে চমক দিল কেন্দ্র। এই তালিকায় বিনোদন থেকে রাজনীতি— সব ক্ষেত্রেই বড় বড় নাম উঠে এসেছে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ (মরণোত্তর) দেওয়া হচ্ছে বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রকে। গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে প্রয়াত হন এই ‘হিম্যান’। একইভাবে কেরলের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দনকেও মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।
এ বছর মোট ১৩১ জনকে এই সম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন এবং বিজ্ঞাপন জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পীযূষ পাণ্ডেকে মরণোত্তর ‘পদ্মভূষণ’ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া পদ্মভূষণ তালিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার মাম্মুট্টি, প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক এবং টেনিস তারকা বিজয় অমৃতরাজ।
বাংলার জন্য গর্বের বিষয় হলো, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তবলা বাদক কুমার বসু পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। খেলাধুলার জগতেও খুশির খবর; ক্রিকেট তারকা রোহিত শর্মা এবং হরমনপ্রীত কৌরও পেয়েছেন পদ্মশ্রী। মোট পুরস্কার প্রাপকদের মধ্যে ১৯ জন মহিলা এবং ১৬ জন মরণোত্তর প্রাপক রয়েছেন। আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মাননা প্রদান করবেন।