বন্দে ভারত স্লিপারের রাজকীয় এন্ট্রি! প্রথম দিনেই হাউসফুল, হাওড়া-কামাখ্যা রুটে শুরু নতুন যুগ

ভারতীয় রেলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। গত ২৩ জানুয়ারি, ২০২৬ হাওড়া স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের অন্যতম আলোচিত ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্ট—হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫)। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই এই ট্রেনটি নিয়ে তুঙ্গে ছিল উন্মাদনা। বাণিজ্যিক পরিষেবা শুরু হতেই দেখা গেল সেই গতির জাদু; বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আগামী কয়েক দিনের সমস্ত টিকিট নিঃশেষ!
ট্রেনের সময়সূচি ও স্টপেজ: ২৭৫৭৫ আপ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি প্রতিদিন (বৃহস্পতিবার বাদে) সন্ধ্যা ১৮:২০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। আধুনিক এই সেমি-হাই স্পিড ট্রেনটি পরের দিন সকাল ০৮:২০ মিনিটে কামাখ্যা স্টেশনে পৌঁছাবে। মাঝপথে পূর্ব রেলওয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে এটি বিরতি দেবে:
ব্যান্ডেল (১৮:৫৬/১৮:৫৮)
নবদ্বীপ ধাম (১৯:৩৬ /১৯:৩৮)
কাটোয়া (২০:০৩/২০:০৫)
আজিমগঞ্জ (২০:৫০/২০:৫৫)
নিউ ফারাক্কা (২১:৪৮/২১:৫০)
মালদা টাউন (২২:৫০/২৩:০০)
এছাড়াও কামাখ্যার পথে ট্রেনটি নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়াবাড়ি রোড, রাঙ্গিয়া এবং নিউ বোঙ্গাইগাঁও স্টেশনেও স্টপেজ দেবে।
বিলাসবহুল পরিষেবা ও যাত্রীদের অভিজ্ঞতা: ট্রেনটিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এসি ফার্স্ট ক্লাস, এসি ২-টিয়ার এবং এসি ৩-টিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম যাত্রার টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা ট্রেনের আধুনিক অন্দরসজ্জা ও উন্নত খাবারের ভূয়সী প্রশংসা করেছেন। সরবরাহ করা বিছানার চাদর ও বালিশের গুণমান পাঁচতারা হোটেলের সমতুল্য বলে দাবি করেছেন অনেকে। রেল কর্মীদের তৎক্ষণাৎ পরিষেবা এবং ঝকঝকে পরিচ্ছন্নতা যাত্রীদের মধ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ নিয়ে গর্বের সঞ্চার করেছে। তবে অনেক যাত্রী মনে করিয়ে দিয়েছেন, ট্রেনের এই পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নাগরিকদেরও। সপ্তাহে ছয় দিন চলাচলকারী এই ট্রেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় যে নতুন মাত্রা যোগ করল, তা বলার অপেক্ষা রাখে না।