পেটপুরে ল্যাংচা-রসগোল্লা খেয়ে লাখ টাকার চুরি! ভাতার এলাকায় চোরের কীর্তিতে তাজ্জব পুলিশ

পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায় চোরদের এক অদ্ভুত কীর্তিতে তাজ্জব বনে গেছেন স্থানীয় বাসিন্দারা। চুরির উদ্দেশ্য সাধারণত ধনসম্পত্তি হলেও, এই চোরেরা যেন একটু বেশিই রসনাবিলাসী। শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত রাতে পরপর দুটি দোকানে দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি চালায় চোরের দল। তবে চুরির পর মিষ্টির দোকানে ঢুকে তাদের মিষ্টিমুখ করার বিষয়টিই এখন এলাকার প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানে প্রথম হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের পিছনের দেওয়াল কেটে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজার এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। কিন্তু এরপর পাশের দোকান, অর্থাৎ রাম ঘোষের মিষ্টির দোকানে ঢুকে তারা যা করল, তা শুনে হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারছেন না মালিক। অভিযোগ, নগদ টাকা হাতানোর পর চোরের দল সেখানে থাকা হাড়িপ ভর্তি ল্যাংচা এবং রসগোল্লা সাবাড় করে দিয়ে গেছে!
একই রাতে পরপর দুটি দোকানে এমন অভিনব চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, চোরেরা কেবল অর্থলোভী নয়, তারা বেশ ঠান্ডা মাথার এবং সময় নিয়ে এই কাজ করেছে। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে গুসকরাতেও এক পোস্ট অফিস কর্মীর বাড়িতে চুরির সময় আলমারি ভেঙে গয়না ও নগদ টাকা নেওয়ার পাশাপাশি শীতের কম্বল নিয়ে পালানোর ঘটনা ঘটেছিল। একের পর এক এমন বিচিত্র চুরির ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এলাকা জুড়ে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন সাধারণ মানুষ।