বারাসাতে অভিষেকের কনভয় দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! কলার ধরে টেনে সপাটে চড় তৃণমূল কর্মীদের, রণক্ষেত্র কাছারি ময়দান

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের তপ্ত বাংলার রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল বারাসাতে। অভিযোগ, স্লোগান দেওয়ার অপরাধে দুই ব্যক্তিকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন তৃণমূলের মহিলা কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, সোমবার অভিষেকের কনভয় যখন বারাসাতের কাছারি ময়দানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন রাস্তার ধার থেকে দুই ব্যক্তি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের মহিলা কর্মীরা ওই দুই ব্যক্তিকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তির চুলে মুঠি ধরে সপাটে চড় কষাচ্ছেন এক মহিলা কর্মী। এমনকি তাঁদের কলার ধরে টানাটানি করে ‘জয় বাংলা’ বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে।
বিজেপি বনাম তৃণমূল: এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, রাজ্যে গণতন্ত্র বিপন্ন এবং তৃণমূলের এই ‘গুন্ডামি’র জবাব মানুষ ব্যালট বক্সে দেবে। অন্যদিকে, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, “মারধর করা তৃণমূলের সংস্কৃতি নয়।” এদিকে, এই ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কোনো মন্তব্য না করলেও, তিনি দলের ১ লক্ষ পদাধিকারীকে নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন।