হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার! আজ থেকেই বুকিং শুরু, জানুন ভাড়া ও সময়সূচী

গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। এবার নিয়মিত পরিষেবা দিতে প্রস্তুত ২৭৫৭৫/২৭৫৭৬ হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আগামী ২২ জানুয়ারি কামাখ্যা থেকে এবং ২৩ জানুয়ারি হাওড়া থেকে সাধারণ যাত্রীদের নিয়ে এই ট্রেনের বাণিজ্যিক সফর শুরু হতে চলেছে। আজ মঙ্গলবার থেকেই ইন্টারনেট ও পিআরএস কাউন্টারে শুরু হয়েছে এই ট্রেনের টিকিট বুকিং।

ট্রেনের সময়সূচী ও রুট: ২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন কামাখ্যা থেকে সন্ধ্যা ৬:১৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ৮:১৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। অন্যদিকে, ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা ট্রেনটি বৃহস্পতিবার বাদে প্রতিদিন হাওড়া থেকে সন্ধ্যা ৬:২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮:২০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, মালদহ টাউন এবং নিউ জলপাইগুড়ি সহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে।

বিলাসবহুল ও নিরাপদ সফর: এই ট্রেনের প্রধান আকর্ষণ হলো এর আধুনিক ডিজাইন এবং আরামদায়ক বার্থ। আর্গোনমিকভাবে তৈরি সিট, উন্নত শৌচাগার, এবং বিশেষ করে দিব্যাঙ্গজন-বান্ধব সুবিধা এই ট্রেনটিকে অন্যান্য ট্রেনের চেয়ে আলাদা করে তুলেছে। সুরক্ষার খাতিরে এতে রয়েছে দেশীয় ‘কবচ’ সিস্টেম, উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সিসিটিভি নজরদারি। এছাড়া যাত্রীদের খাবারের জন্য রয়েছে মডিউলার প্যান্ট্রি এবং জীবাণুনাশক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সংযোগ ব্যবস্থায় এই ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

Saheli Saha
  • Saheli Saha