মাঝরাস্তায় পুলিশের ‘সারপ্রাইজ চেক’! নকশালবাড়িতে ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ পাকড়াও মালদহের পাচারকারী

ঘন কুয়াশার সুযোগ নিয়ে মালদহ থেকে মাদক পাচারের বড়সড় ছক বানচাল করল নকশালবাড়ি থানার পুলিশ। প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার-সহ রমজান আলি ওরফে আব্বাস নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী কামার গ্রাম থেকে ওই মাদক নিয়ে নকশালবাড়িতে ডেলিভারি দিতে এসেছিলেন। ট্রেনে করে পৌঁছে তিনি নকশালবাড়ি স্টেশন সংলগ্ন একটি পুরনো পেট্রোল পাম্পের কাছে মাদক হাতবদলের জন্য অপেক্ষা করছিলেন। তবে এলাকায় টহলদারির সময় তাঁর সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশের খটকা লাগে। জিজ্ঞাসাবাদে কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে ৫০৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত রমজান আলি মালদহের একজন অতিসক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং নকশালবাড়িতে কার কাছে এই ড্রাগ পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে।