আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে হুলুস্থুল! ভিড় আর চিৎকারে মেজাজ হারালেন বিচারপতি, শুনানি পিছল ১৪ তারিখ

আইপ্যাক (I-PAC) অফিসে ইডি অভিযান এবং তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বেনজির সংঘাতের জল গড়াল আদালত পর্যন্ত। তবে শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূল কংগ্রেসের দায়ের করা জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা ও তিল ধারণের জায়গা না থাকায় ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ এজলাস ছেড়ে উঠে যান।

এদিন দুপুর ২:৩০ মিনিটে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুই হেভিওয়েট পক্ষের আইনি লড়াই দেখতে আদালত কক্ষে ভিড় উপচে পড়ে। আইনজীবীদের চিৎকার-চেঁচামেচি এবং বাইরে থাকা মানুষের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিচারপতি বারবার শান্ত হওয়ার অনুরোধ জানালেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তিনি শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

আগামী ১৪ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ২টোয় এই দুই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। গতকাল আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির সময় নথিপত্র সরিয়ে নেওয়া ও তদন্তে বাধার যে অভিযোগ ইডি তুলেছিল এবং পালটা তৃণমূল যে মামলা করেছে, তার ফয়সালা এখন আগামী সপ্তাহের শুনানির ওপর নির্ভর করছে।