শীতের রোদে হাতিদের জলকেলি! ডুয়ার্সের এই ‘হিডেন জেম’ এখন পর্যটকদের হটস্পট

শীতের মিঠে রোদে ডুয়ার্সের পর্যটন মানচিত্রে এখন সুপারহিট ‘রামসাই’। গরুমারা জঙ্গল সংলগ্ন এই এলাকাটি প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে উঠেছে এক নতুন স্বর্গরাজ্য। বনদফতরের বিশেষ প্রচার এবং রামসাই মেদলা টাওয়ারের আকর্ষণ পর্যটকদের টানছে জলঢাকা নদীর তীরে।

মেদলা টাওয়ারে দাঁড়ালেই চোখের সামনে ফুটে ওঠে এক অদ্ভুত দৃশ্য। একদিকে ঘন সবুজ অরণ্য, অন্যদিকে স্বচ্ছতোয়া জলঢাকা নদী। এই নদীর বুকেই দেখা মেলে সবচেয়ে বড় চমকের— হাতিদের স্নান। নদীর জলে বুনো হাতিদের জলকেলি আর শুঁড় দিয়ে জল ছিটানোর সেই মুহূর্ত পর্যটকদের ডুয়ার্স ভ্রমণকে সার্থক করে তুলছে। সঙ্গে বোনাস হিসেবে দেখা মিলছে হরিণ, বুনো শুয়োর এবং বিচিত্র সব পরিযায়ী পাখির।

শুধু বন্যপ্রাণীই নয়, রামসাইয়ের গ্রামীণ সংস্কৃতিও পর্যটকদের মুগ্ধ করছে। গরুমারা ঘুরতে এসে মোষের গাড়িতে চড়ে মেদলা টাওয়ার যাওয়ার অভিজ্ঞতা এখন মাস্ট-ডু লিস্টে। শান্ত পরিবেশ আর বন্যপ্রাণের লুকোচুরি উপভোগ করতে পর্যটকরা এখন গরুমারার ভিড় এড়িয়ে বেছে নিচ্ছেন রামসাইকে।