নীতিশ-মোদীর ‘মাস্টারস্ট্রোক’! বিহারে রাজ্যসভা নির্বাচনে ক্লিন সুইপের পথে এনডিএ, ভাঙনের মুখে লালু-শিবির?

বিহার বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত হচ্ছে পাটলিপুত্রের রাজনীতি। আগামী এপ্রিল মাসে বিহারের পাঁচটি রাজ্যসভা আসন খালি হতে চলেছে। বর্তমানে পরিসংখ্যানের বিচারে ক্ষমতাসীন এনডিএ জোট এই পাঁচটি আসনের সবকটিই দখলের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছে। মূলত আরজেডি-র নেতৃত্বাধীন মহাজোটের অভ্যন্তরীণ কলহ এবং আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর অবস্থান বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

অঙ্ক যখন এনডিএ-র পক্ষে একটি রাজ্যসভা আসন জিততে প্রয়োজন ৪১ জন বিধায়কের ভোট। বিধানসভায় ২০২টি আসন জেতা এনডিএ জোট সহজেই ৪টি আসন জিতে নেবে। হাতে বাকি থাকবে অতিরিক্ত ৩৮টি ভোট। পঞ্চম আসনটি জেতার জন্য তাদের আর মাত্র ৩ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাথে ইতিমধ্যেই মিম (AIMIM)-এর ৫ জন বিধায়ক দেখা করায় এই সমীকরণ শাসক শিবিরের জন্য এখন জলবৎ তরলং।

বিপাকে উপেন্দ্র কুশওয়াহা ও মহাজোট এপ্রিল মাসে মেয়াদ শেষ হচ্ছে আরজেডির প্রেম চাঁদ গুপ্ত, অমরেন্দ্র ধরি সিং এবং জেডিইউর হরিবংশ নারায়ণ সিং ও রামনাথ ঠাকুরের। এছাড়াও লড়াইয়ে আছেন আরএলএম নেতা উপেন্দ্র কুশওয়াহা। তবে নিজের ছেলেকে মন্ত্রী করায় দলের বিধায়করাই কুশওয়াহার ওপর ক্ষুব্ধ। অন্যদিকে, মহাজোটের হাতে মাত্র ৩৫ জন বিধায়ক থাকায় পঞ্চম আসনটি জেতা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।