লক্ষ টাকার অর্কিড থেকে টবে লাউ-কুমড়ো! হাওড়ার ফুল মেলায় তাক লাগানো সম্ভার

শীতের আমেজ গায়ে মেখে রঙিন হয়ে উঠেছে হাওড়ার অলকানন্দা পার্ক। শুরু হয়েছে জমজমাট ‘হাওড়া ফুল মেলা’। বাঁকুড়া, পুরুলিয়া থেকে কলকাতা— রাজ্যের নানা প্রান্তের সেরা সব চন্দ্রমল্লিকা, ডালিয়া আর গোলাপের সুবাসে ম ম করছে মেলা প্রাঙ্গণ। তবে এবারের মেলায় শুধু ফুল নয়, দর্শকদের চোখ কপালে তুলছে উত্তরবঙ্গ থেকে আসা লক্ষ টাকা মূল্যের বিরল ‘হিল অর্কিড’।

মেলার মূল আকর্ষণ শুধু ফুলেই সীমাবদ্ধ নেই; টবে ফলানো আম, কমলালেবু, কামরাঙার মতো ফলের গাছ দেখে মুগ্ধ ছোট-বড় সকলেই। এমনকি টবে লাউ, কুমড়ো, বাঁধাকপি আর লঙ্কার বাহারি চাষ দেখে অবাক হচ্ছেন দর্শনার্থীরা। সযত্নে সাজানো বনসাই এবং ক্যাকটাসের সংগ্রহ মেলায় যোগ করেছে এক অন্য মাত্রা।

মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য এবং মন্ত্রী অরূপ রায়। উদ্যোক্তা শ্যামল মিত্র জানান, কংক্রিটের জঙ্গলে মানুষকে সবুজের ছোঁয়া দিতেই এই আয়োজন। ৪ দিনের এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।