সোদপুরে আবাসনের নিরাপত্তা ভেদ করে দুঃসাহসিক ডাকাতি! সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীদের তাণ্ডব
January 9, 2026

উত্তর ২৪ পরগনার সোদপুরে এবার খাস আবাসনের ভেতরে ঢুকে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। বসাক বাগান এলাকার একটি আবাসনে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর আলমারির তালা শাবল দিয়ে ভেঙে নগদ লক্ষাধিক টাকা এবং সোনা-রুপোর বহুমূল্য গহনা নিয়ে তারা এলাকা ছেড়ে চম্পট দেয়।
গোটা ঘটনার শিউরে ওঠা দৃশ্য ধরা পড়েছে আবাসনের সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে তারা অবাধে লুটপাট চালাচ্ছে। ইতিমধ্যেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সুরক্ষিত আবাসনের ভেতরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন অন্যান্য আবাসিকরা।