ফুরফুরায় হুমায়ুন! তহা-আব্বাস সিদ্দিকীর সঙ্গে গোপন বৈঠক? মমতার ভোটব্যাঙ্কে বড় ভাঙনের ইঙ্গিত

ভোটমুখী বাংলায় সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে বড়সড় ওলটপালটের আশঙ্কা তৈরি হয়েছে। তৃণমূলের নিলম্বিত বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর এবার সরাসরি হানা দিচ্ছেন দক্ষিণবঙ্গের সংখ্যালঘু রাজনীতির ‘এপিসেন্টার’ ফুরফুরা শরিফে। সূত্রের খবর, আজ শুক্রবার পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তিনি। এমনকি আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
বাংলার প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোট এবং ৯০টিরও বেশি বিধানসভা আসনে সংখ্যালঘু প্রভাব রয়েছে। এতদিন এই ভোটব্যাঙ্কের সিংহভাগ ছিল তৃণমূলের দখলে। কিন্তু হুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ এবং তাঁর একের পর এক চাঞ্চল্যকর অঙ্গীকার— যেমন ব্রিগেডের মাঠে নামাজ পড়া বা বাবরি মসজিদ পুনর্নির্মাণ— শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। বিশেষ করে যে তহা সিদ্দিকী একসময় মমতার ঘনিষ্ঠ ছিলেন এবং হুমায়ুনের ‘ধর্মীয় মেরুকরণ’ নিয়ে সরব হয়েছিলেন, তাঁর সঙ্গে হুমায়ুনের এই বৈঠক রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিচ্ছে।
জুম্মাবারের নামাজ শেষে ফুরফুরা শরিফে জনসংযোগের পরিকল্পনাও রয়েছে হুমায়ুনের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও হুগলির মতো জেলাগুলোতে ফুরফুরা শরিফের প্রভাব অপরিসীম। নির্বাচনের ঠিক আগে হুমায়ুনের এই সফর কি তবে সংখ্যালঘু ভোট ভাগ করে তৃণমূলের জয়ের পথে কাঁটা হতে চলেছে? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।