রাজ্যসভায় বড় রদবদল! ডেপুটি চেয়ারম্যান পদ হারাচ্ছেন হরিবংশ? নীতিশের জেডিইউ-তে নয়া সমীকরণ

চলতি বছর ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা পেতে চলেছে এক নতুন ডেপুটি চেয়ারম্যান। আগামী এপ্রিলেই বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিং-এর মেয়াদ শেষ হতে চলেছে। সূত্রের খবর, জনতা দল ইউনাইটেড (জেডিইউ) হরিবংশকে তৃতীয়বারের জন্য রাজ্যসভায় না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে দীর্ঘ ছয় বছর পর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।
হরিবংশ ২০১৮ সাল থেকে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটি সামলাচ্ছেন। নীতীশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও, গত কয়েক বছরে জেডিইউ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। বিশেষ করে ২০২২ সালে নীতীশ কুমার যখন এনডিএ ছেড়ে মহাজোট গঠন করেছিলেন, তখন হরিবংশ ডেপুটি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিল জেডিইউ শিবির। যদিও হরিবংশের যুক্তি ছিল তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন, তাই রাজনৈতিক কারণে পদত্যাগ অনুচিত; কিন্তু দলের রোষ থেকে তিনি মুক্তি পাননি।
বিহারের পাঁচটি রাজ্যসভা আসন আগামী এপ্রিলে খালি হতে চলেছে। যার মধ্যে এনডিএ-র হাতে আসবে চারটি আসন। জেডিইউ কোটায় কেন্দ্রীয় মন্ত্রী রাম নাথ ঠাকুরের পুনর্নির্বাচন নিশ্চিত হলেও হরিবংশের ভাগ্য ঝুলে রয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্রের খবর, এবার জাতপাতের সমীকরণ মাথায় রেখে নতুন মুখকে সংসদে পাঠাতে চাইছেন নীতীশ কুমার। অন্যদিকে, ডেপুটি চেয়ারম্যানের পদটি কার হাতে থাকবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনডিএ-র বড় শরিক বিজেপি। রাজনৈতিক মহলে গুঞ্জন, হরিবংশের জায়গায় বিজেপি অন্য কোনও শরিক দলের নেতা বা নিজেদের কাউকেও এই পদের জন্য মনোনীত করতে পারে।