পৌষ মাসেই কি শীতের ছুটি? পারদ বাড়তেই হাওয়া অফিসের বড় আপডেট, সংক্রান্তিতে ফের কাঁপবে বাংলা

ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু— কার্যত টি-২০ মেজাজে ব্যাটিং করেছে শীত। জানুয়ারির প্রথম দিকে কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে রেকর্ড গড়েছিল। তবে গত দু-দিন ধরে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় শহরবাসীর মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, পৌষ মাস শেষ হওয়ার আগেই কি তবে শীত বিদায় নেবে? এই জল্পনার অবসান ঘটিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এখনই শীতের বিদায়ঘণ্টা বাজছে না। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হলেও তার কোনো সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। ফলে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। আগামী কয়েক দিন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে বীরভূম, নদিয়া, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার মতো জেলাগুলোতে। তবে আসল চমক অপেক্ষা করছে পৌষ সংক্রান্তিতে।
আবহাওয়াবিদদের মতে, আগামী ১৪ ও ১৫ জানুয়ারি পিঠে-পুলি উৎসবের সময় একধাক্কায় পারদ অনেকটা নামবে। সংক্রান্তির দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা আগামী কয়েক সপ্তাহ স্থায়ী হবে। অর্থাৎ, এখনই লেপ-কম্বল আলমারিতে তোলার সময় আসেনি; শীতের ‘সেকেন্ড স্পেল’ শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।