ঠান্ডার ডবল অ্যাটাক! দিল্লিতে ঝমঝমিয়ে বৃষ্টিতে পারদ পতন, দূষণ থেকে কবে মিলবে রেহাই?

শুক্রবার সকাল থেকেই দিল্লি-এনসিআর সহ নয়ডা ও গ্রেটার নয়ডায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় আবহাওয়ার ভোল বদলে গিয়েছে। মেঘলা আকাশ আর বৃষ্টির জেরে পারদ এক ধাক্কায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় কনকনে ঠান্ডার কবলে সাধারণ মানুষ। তবে বৃষ্টি আসলেও দিল্লির বাসিন্দাদের সবথেকে বড় দুশ্চিন্তা— ‘দূষণ’ থেকে মুক্তি মেলেনি। হালকা বৃষ্টি বাতাসে আর্দ্রতা বাড়ালেও বিষাক্ত ধোঁয়াশা পুরোপুরি কাটাতে ব্যর্থ হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এদিন নয়ডার বায়ু মান সূচক (AQI) রেকর্ড করা হয়েছে ৩৪৯ এবং গ্রেটার নয়ডায় ৩৩৯, যা ‘অত্যন্ত খারাপ’ শ্রেণীর অন্তর্ভুক্ত। আবহাওয়াবিদদের মতে, বাতাসের গতি কম থাকায় বৃষ্টির পর দূষণ কণাগুলি থিতিয়ে না গিয়ে উল্টে বাতাসে আটকে রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই আবহাওয়া মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

আবহাওয়াবিদ ডঃ রাজেন্দ্র কুমার এসজি জানিয়েছেন, পশ্চিম উত্তর প্রদেশ ও দিল্লি সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন হালকা বা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। তবে দূষণ থেকে পুরোপুরি মুক্তি পেতে প্রয়োজন ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও বিশেষজ্ঞরা অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করছেন এবং মাস্ক ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। আগামী কয়েকদিন ঠান্ডার তীব্রতা আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।