সিংহাসন হারাল ওলা! ওপার থেকে এথার-বাজাজের দাপট, ইলেকট্রিক স্কুটার বাজারে মহাবিপ্লব

২০২৫ সালের ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারের সমীকরণ এক ধাক্কায় বদলে গেল। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের (FADA) সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, একসময়ের বাজার কাঁপানো ওলা ইলেকট্রিক (Ola Electric) চরম বিপর্যয়ের মুখে। মাত্র এক বছরের ব্যবধানে ওলার বার্ষিক বিক্রি ৫১ শতাংশেরও বেশি কমে গিয়ে ১,৯৯,৩১৮ ইউনিটে দাঁড়িয়েছে। গ্রাহক পরিষেবায় ঘাটতি এবং তীব্র প্রতিযোগিতার কারণেই ওলার এই পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, ওলার এই পতনকে কাজে লাগিয়ে বাজিমাত করেছে এথার এনার্জি (Ather Energy)। ২০২৪ সালের তুলনায় ৫৮ শতাংশ বৃদ্ধি নিয়ে তারা এখন ওলাকে টপকে তৃতীয় স্থানে। তবে সব বাধা কাটিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে টিভিএস মোটর (TVS Motor)। আইকিউব এবং অরবিটার মডেলের হাত ধরে তাদের বিক্রি বেড়েছে ৩৫ শতাংশেরও বেশি। দ্বিতীয় স্থানে থাকা বাজাজ অটোও তাদের ‘চেতক’ ইভি-র সৌজন্যে ৩৯ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।
সবচেয়ে চমকপ্রদ উত্থান ঘটেছে হিরো মোটোকর্পের (Hero MotoCorp)। তাদের ইলেকট্রিক ব্র্যান্ড ‘ভিডা’ (Vida)-র বিক্রি এক বছরে প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে ভারতে মোট ইলেকট্রিক টু-হুইলার বিক্রি দাঁড়িয়েছে ১২,৭৯,৯৫১ ইউনিটে। সামগ্রিকভাবে বাজার ১১ শতাংশ বাড়লেও, ওলার মতো বড় প্লেয়ারের পিছিয়ে পড়া দেশের অটোমোবাইল সেক্টরে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।