“বিজেপির নখ-দাঁত ভেঙে দেব!” দিল্লিতে সাংসদদের ওপর পুলিশের ‘হামলা’য় অগ্নিশর্মা অভিষেক

কলকাতার আই-প্যাক (I-PAC) অফিসে ইডির হানার প্রতিবাদে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির রাজপথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে তৃণমূল সাংসদদের বিক্ষোভে দিল্লি পুলিশের ‘অমানবিক’ হস্তক্ষেপের বিরুদ্ধে এবার তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের টেনেহিঁচড়ে সরানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বলেন, “এরা ধর্ষকদের জামিন দেয়, আর প্রতিবাদীদের জেলে পুরে দেয়।”

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিষেক আরও লিখেছেন, “গণতন্ত্রকে শাস্তি দিয়ে অপরাধীদের পুরস্কৃত করা হচ্ছে। এটাই বিজেপির নতুন ভারত।” আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, গোটা দেশ আত্মসমর্পণ করলেও বাংলা প্রতিরোধ গড়ে তুলবে। তাঁর কথায়, “লড়াই করে বিজেপির সব দাঁত আর নখ ভেঙে দেব। দেখি কত ক্ষমতা ওদের!” দিল্লি ও কলকাতার এই দ্বিমুখী সংঘাত এখন জাতীয় রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।