কেরলে ভিখারির মৃত্যুতে রহস্যের খনি! ঝোলা খুলতেই চোখ চড়কগাছ পুলিশের, বেরোল লক্ষ লক্ষ টাকা

কেরলের আলাপ্পুঝায় এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যুকে কেন্দ্র করে ঘনিয়ে উঠেছে রহস্য। পুলিশ যখন মৃতদেহের পরিচয় জানার জন্য তাঁর সাথে থাকা সাধারণ একটি ব্যাগ তল্লাশি করে, তখন ভেতর থেকে যা উদ্ধার হয় তা দেখে কার্যত বাকরুদ্ধ দুঁদে পুলিশ আধিকারিকরাও। ওই ছেঁড়াখোঁড়া ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৪৫ লক্ষ টাকারও বেশি নগদ এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা।

ঘটনার প্রেক্ষাপট: সোমবার রাতে আলাপ্পুঝায় এক পথ দুর্ঘটনার শিকার হন অনিল কিশোর নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও প্রাথমিক চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে চলে যান। মঙ্গলবার সকালে স্থানীয় একটি দোকানের সামনে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তাঁর ব্যাগটি থানায় নিয়ে যায়।

ব্যাগের ভেতর টাকার পাহাড়: পঞ্চায়েত সদস্য ফিলিপ ওমেনের উপস্থিতিতে যখন অনিলের ব্যাগটি খোলা হয়, তখন দেখা যায় একটি পুরনো প্লাস্টিকের বাক্সের মধ্যে সযত্নে সাজানো রয়েছে নোটের বান্ডিল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৪.৫ মিলিয়নের (৪৫ লক্ষ) বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিপুল টাকার মধ্যে ভারত সরকারের নিষিদ্ধ করে দেওয়া ২০০০ টাকার নোট এবং প্রচুর বিদেশি মুদ্রাও ছিল।

হতবাক এলাকাবাসী: স্থানীয়রা জানিয়েছেন, অনিল কিশোর প্রতিদিন রাস্তায় রাস্তায় ভিক্ষে করতেন। এমনকি দু’বেলা খাবারের জোগাড় করার জন্যও তিনি মানুষের কাছে হাত পাততেন। সেই মানুষের ব্যাগে যে এত বড় অঙ্কের টাকা লুকিয়ে থাকতে পারে, তা কল্পনাও করতে পারেননি কেউ। এই বিশাল পরিমাণ টাকা অনিলের কাছে কোথা থেকে এল, তিনি কোনও বড় চক্রের সাথে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই অর্থের কোনও দাবিদার পাওয়া না গেলে সমস্ত টাকা আদালতের হেপাজতে জমা দেওয়া হবে।