শীতের রাতে কুলপিতে দুঃসাহসিক কাণ্ড! আটেশ্বর তলা মন্দিরের তালা ভেঙে সাফ সর্বস্ব, এলাকায় তীব্র উত্তেজনা

শীতের কনকনে ঠান্ডাকে হাতিয়ার করে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। বৃহস্পতিবার রাতে কুলপি থানার রামকৃষ্ণপুর অঞ্চলের দক্ষিণ রাজারামপুর আটেশ্বর তলা মন্দির এবং পার্শ্ববর্তী শিবের থানে হানা দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে মন্দিরের গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

কী কী চুরি গেল? তদন্তে জানা গেছে, দুষ্কৃতীরা মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা শিবের তিনটি সোনার চোখ, তামার সাপ, ত্রিশূল এবং মন্দিরের যাবতীয় কাঁসার থালা ও ঘণ্টা নিয়ে চম্পট দিয়েছে। মন্দিরের ভেতরে সমস্ত সামগ্রী লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শীতের রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি তুলেছেন আতঙ্কিত বাসিন্দারা।