বক্স অফিসে ঝড় তুলেও উপসাগরীয় দেশে ব্রাত্য ‘ধুরন্ধর’, নেপথ্যে কি ছবিটির ‘পাকিস্তান-বিরোধী’ অবস্থান?

পরিচালক আদিত্য ধরের নতুন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ ভারতীয় বক্স অফিসে রেকর্ড ভাঙলেও বিদেশের মাটিতে বড়সড় বাধার মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ছবির প্রযোজকদের পাশে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইল ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA)।

৭ জানুয়ারি ২০২৬-এ লেখা এক চিঠিতে ইম্পা সভাপতি অভয় সিনহা জানিয়েছেন, ছবিটি ভারতের সেন্সর বোর্ড (CBFC) থেকে সমস্ত ছাড়পত্র পাওয়ার পরেই মুক্তি পেয়েছে। উপসাগরীয় দেশগুলোর এই একতরফা সিদ্ধান্ত ভারতের সিনেমা শিল্পের মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। রাজনৈতিক মহলের ধারণা, ছবির কথিত ‘পাকিস্তান-বিরোধী’ সুর এবং সংবেদনশীল বিষয়বস্তুর কারণেই এই নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্যের বাজার বন্ধ হওয়ায় ছবিটির বিদেশি আয়ে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।