শীতের দুপুরে ডাইনিং টেবিলে ম্যাজিক! ফুলকপির ফাঁকে পনিরের পুর, একবার খেলে বারবার চাইবেন! রইল রেসিপি

শীত মানেই বাজারে টাটকা ফুলকপির মেলা। তবে সেই একই আলু-ফুলকপির ঝোল খেতে খেতে একঘেয়েমি চলে আসাই স্বাভাবিক। আপনার হেঁশেলে যদি থাকে পনির আর কিছু সাধারণ মশলা, তবে আপনিও তৈরি করে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইলের রাজকীয় ফুলকপি। পনিরের পুর ভরা এই ফুলকপির স্বাদ হার মানাবে আমিষ পদকেও।

উপকরণ: একটি মাঝারি ফুলকপি, পনির কুচি (২ কাপ), আদা বাটা (১ চা চামচ), জিরে বাটা (২ চা চামচ), গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা (১ টেবিল চামচ), টম্যাটো সস, সয়া সস, লেবুর রস, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন ও সয়াবিন তেল।

প্রস্তুত প্রণালী: প্রথমে ফুলকপিটি আস্ত অবস্থায় বা বড় টুকরো করে ফুটন্ত জলে ৫-৬ মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে পনির কুচি, আদা-জিরে বাটা, সব রকম গুঁড়ো মশলা, সস, লেবুর রস, কর্নফ্লাওয়ার ও সামান্য তেল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি সাবধানে ফুলকপির প্রতিটি খাঁজে খাঁজে ভালো করে পুর হিসেবে ভরে দিন। এরপর কড়াইতে ডুবো তেল গরম করে ময়দায় কোট করা ফুলকপিগুলো লালচে করে ভেজে তুলে নিন। সবশেষে কড়াইতে মশলা কষিয়ে অল্প জল দিয়ে ভাজা ফুলকপিগুলো দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আপনার স্পেশাল ডিশ। গরম রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে এটি পরিবেশন করুন।