অফিস টাইমে চরম ভোগান্তি! সোনারপুর লোকাল দেরিতে আসতেই তুলকালাম, ২০ মিনিট স্তব্ধ ট্রেন চলাচল

শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে বৃহস্পতিবার সকালে চরমে উঠল যাত্রী বিক্ষোভ। প্রতিদিনের ট্রেন লেট এবং রেলের অব্যবস্থার প্রতিবাদে এদিন সকাল ৮টা ৪২ মিনিটের সোনারপুর লোকাল দেরিতে আসতেই ধৈর্য হারান নিত্যযাত্রীরা। মুহূর্তের মধ্যে স্টেশনে শুরু হয় উত্তেজনা, যা পরে রেললাইনে নেমে অবরোধের রূপ নেয়।

বিক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, অফিস টাইমে ট্রেন নিয়মিত দেরিতে চলায় স্কুল, কলেজ এবং কর্মস্থলে পৌঁছাতে রোজই দেরি হচ্ছে। বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এদিনও নির্দিষ্ট সময়ের ট্রেন না আসায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। প্রায় ২০ মিনিট ধরে চলে এই অবরোধ, যার জেরে শিয়ালদহগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রী ভোগান্তি চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)।

পুলিশ ও রেল আধিকারিকদের দীর্ঘক্ষণ আলোচনার পর এবং দ্রুত ট্রেন চলাচলের আশ্বাস মেলায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রেল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে দক্ষিণ শাখার এই চিরস্থায়ী ‘ট্রেন লেট’ সমস্যা থেকে কবে মুক্তি মিলবে, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা।