বিয়ের মরসুমের মুখে চিন্তায় মধ্যবিত্ত: দেড় লাখের দিকে ছুটছে সোনা? আজ কততে বিকোচ্ছে হলুদ ধাতু?

নতুন বছরের শুরু থেকেই আকাশছোঁয়া সোনার দাম মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযানের জেরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় লাফিয়ে বেড়েছিল দাম। তবে সপ্তাহান্তে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। বৃহস্পতিবার অর্থাৎ ৮ জানুয়ারি কলকাতায় সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। বিশেষজ্ঞরা যদিও সতর্ক করছেন, যদি আমেরিকা-রাশিয়া সংঘাত আরও ঘনীভূত হয়, তবে ১০ গ্রাম সোনার দাম দেড় লক্ষ টাকার গণ্ডিও পার করতে পারে।

কলকাতায় আজকের বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৩৮ হাজার ২৬০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ১০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা আজ বিকোচ্ছে ১ লক্ষ ২৬ হাজার ৭৪০ টাকায়। ১৮ ক্যারেটের গহনার সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩ হাজার ৭০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। বিয়ের মরসুমের মুখে এই সামান্য পতনটুকুও সাধারণ মানুষের কাছে বড় পাওনা।

তবে সোনা কমলেও রুপোর দৌড় কিন্তু থামছে না। আজ রুপোর দাম উল্টো পথে হেঁটে আরও ১০০ টাকা বেড়েছে। আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ১০০ টাকা। ফলে গয়না কেনার ক্ষেত্রে রূপোর কারুকাজ করতে গেলেও খসবে বড় অঙ্কের টাকা। আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন লগ্নিকারীরা, কারণ ভূ-রাজনৈতিক পরিস্থিতিই আগামী দিনে স্থির করবে সোনার দাম কোন দিকে মোড় নেবে।